0Shares

ভবনের বৈধতা, জমির মালিকানা, লিজ, ভাড়া ও ভবিষ্যৎ নিয়ে ৭ দফা প্রশ্ন; দ্রুত জবাবের দাবি

পাবলিক নিউজঃ আসানসোল: আসানসোলের আশ্রম মোড়, জি.টি. রোড সংলগ্ন পার্বতী শপিং আর্কেড-কে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে প্রশাসনের কাছে তথ্য চেয়েছে আসানসোল চেম্বার অফ কমার্স। চেম্বারের সম্পাদক জানান, শপিং আর্কেডের একাধিক ব্যবসায়ী তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে তাঁর কাছে আসছেন। সেই কারণেই ব্যবসায়ীদের স্বার্থে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
চেম্বারের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা প্রশ্নের মধ্যে রয়েছে— ভবনটি আইনসম্মতভাবে নির্মিত হয়েছে কি না, এটি পিডব্লিউডি, আসানসোল পুরনিগম নাকি রেলের জমির উপর নির্মিত, জি.টি. রোডের মাঝখান থেকে ৭৫ ফুট দূরত্ব বজায় রাখার নিয়ম থাকলে কীভাবে এই ভবনের নির্মাণ সম্ভব হয়েছে, ভবনটি কার নামে এবং কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, দোকান বুকিংয়ের সময় সম্পূর্ণ মূল্য নেওয়ার পর ভবিষ্যতে পুনরায় স্কোয়ার ফিট অনুযায়ী অর্থ আদায়ের কোনও নিয়ম রয়েছে কি না এবং মাসিক ভাড়ার হার কত।
এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে আসানসোলে মেট্রো রেল প্রকল্প বা শহরে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ভবন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে পুরনিগমের পরিকল্পনা কী, তা-ও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, নতুন সরকার শহরকে দখলমুক্ত করার লক্ষ্যে কাজ করছে বলে উল্লেখ করে পার্বতী শপিং আর্কেডের ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে চেম্বার।
চেম্বারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ দূর করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *