0Shares
PUBLIC NEWS PEOPLE’S VOICE

পাবলিক নিউজঃ আসানসোল:-আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড়ের বাবু তালাব ও শের তালাব এলাকায় প্রকাশ্যে আবর্জনা পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার ফলে বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ। অভিযোগ, আশপাশের বিভিন্ন ব্যাগের কারখানা, শিল্প প্রতিষ্ঠান এবং ছোট-বড় গুদাম থেকে আবর্জনা এনে এখানে জমা করা হয়। এরপর সেই আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই সমস্যা নিয়ে ‘বেঙ্গল মিরর’ ধারাবাহিকভাবে খবর প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। কিন্তু তারপরও আবর্জনা পোড়ানোর ঘটনা বন্ধ হয়নি।

এরই মধ্যে সোমবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজের চোখে আবর্জনার স্তূপে আগুন জ্বলতে দেখেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ধোঁয়া উঠতে দেখে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের কড়া হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি, অবিলম্বে আবর্জনা পোড়ানো বন্ধ করার নির্দেশ দেন তিনি। এই ধরনের কাজের সঙ্গে কারা যুক্ত, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিধায়ক।

বিধায়কের এই পদক্ষেপের পর সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে আবর্জনা পোড়ানো বন্ধ করে বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধের হাত থেকে এলাকাবাসীকে রেহাই দিতে হবে।

PUBLIC NEWS PEOPLE’S VOICE
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed