পাবলিক নিউজঃ ডেস্ক রাণীগঞ্জ :-বচসা থেকে মারপিট। তাতে ভাইয়ের মৃত্যু। আর এই অভিযোগে গ্রেফতার হলো দাদা ও তার এক সঙ্গী। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের রানিগঞ্জে। রানিগঞ্জ থানার সিয়ারশোলের কুলকুলিপাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম অনুপ বাউরি (৪৩)। গ্রেফতার হওয়া দুজনের নাম মন্টু বাউরি ও বাবলু বাউরি। আপাততঃ ধৃত দুজনই পুলিশ হেফাজতে আছে। ধৃতদের বিরুদ্ধে মৃত যুবকের পরিবারের তরফে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ তাদেরকে জেরা করে ঠিক কি ঘটনা তা জানার চেষ্টা করছে। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে অনুপ বাউরির মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই মারপিটের ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর। সেদিন রাতে রানিগঞ্জ থানার সিয়ারশোল বটতলায় বসেছিলেন সিয়ারশোল কুলকুলিপাড়ার বাসিন্দা অনুপ বাউরি।

সেই সময় সেখানে আসে তার সেজো দাদা মন্টু বাউরি। তার সঙ্গে ছিলো ঐ এলাকারই বাসিন্দা বাবলু বাউরি। আচমকাই তাদের মধ্যে বচসা হয়। অভিযোগ মন্টু ও বাবলু বাউরি মিলে অনুপকে মারধর করে। তাতে সে আহত হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বাড়িতে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, মৃত যুবকের পরিবারের তরফে এই ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো। তার ভিত্তিতে যুবকের এক দাদা ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই আপাততঃ পুলিশ হেফাজতে আছেন। ঠিক কি কারণে এই ঘটনা তা নিয়ে তদন্ত ও দুজনকে জেরা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed