0Shares

আসানসোল ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সমাজসেবামূলক কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার

পাবলিক নিউজঃ আসানসোল :-আসানসোল ক্লাবে মঙ্গলবার রাতে রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটারের উদ্যোগে ইনস্টলেশন সেরিমনির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আগামী বর্ষের জন্য ক্লাবের নতুন সভাপতি হিসেবে দীপক রুদ্র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি সচিন রায়, অন্যান্য পদাধিকারী, সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিজি সুখবিন্দর সিং। তাঁর উপস্থিতিতেই নতুন সভাপতি ও পরিচালন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়।
প্রাক্তন সভাপতি সচিন রায় জানান, রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটার বরাবরই রোটারির আদর্শ অনুসরণ করে সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবিরের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন।
এছাড়াও বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম স্থাপন, দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করছে ক্লাব।
সচিন রায় আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি দীপক রুদ্রের নেতৃত্বে রোটারি ক্লাব অব আসানসোল গ্রেটার ভবিষ্যতেও সমাজসেবার এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং রোটারির আদর্শকে সামনে রেখে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *