0Shares

Publicnewz আসানসোল, ১৮ জুন: আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলা সংগীত মেলা। আগামী ২১ জুন পর্যন্ত আসানসোলের রবীন্দ্র ভবনে চলবে এই সাংস্কৃতিক উৎসব। সংগীতপ্রেমীদের জন্য এই মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
এই উপলক্ষে বুধবার দুপুরে আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সোসাইটির চিফ পেট্রোন শচীন রায় জানান, গত বছর তিন দিনব্যাপী সংগীত মেলার আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন ব্যাপক সাড়া ও সমর্থন পাওয়ায় এবার মেলার সময়সীমা বাড়িয়ে চার দিন করা হয়েছে।
তিনি বলেন, এই মেলার মূল উদ্দেশ্য বাংলা সংগীত ও বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করা। চার দিন ধরে বিভিন্ন খ্যাতনামা ও স্থানীয় শিল্পীরা বাংলা গান পরিবেশন করবেন। পাশাপাশি থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
শচীন রায় আশা প্রকাশ করেন, এ বছরও বিপুল সংখ্যক মানুষ সংগীত মেলায় অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করে তুলবেন। তিনি শিল্পাঞ্চলের সকল সংগীতপ্রেমী ও সাধারণ মানুষকে এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানান।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারির সময় শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি গঠন করা হয়েছিল। এরপর থেকে প্রতি বছর সংগীত মেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংস্থাটি।
চার দিনব্যাপী এই বাংলা সংগীত মেলাকে ঘিরে ইতিমধ্যেই আসানসোল ও শিল্পাঞ্চলের সাংস্কৃতিক মহল এবং সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে সোসাইটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *