মহা শিবরাত্রি উপলক্ষে হিরাপুর থানার উদ্যোগে বৈঠক।
আসানসোল, পাবলিক নিউজঃ :- মহা শিবরাত্রি উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৃহস্পতিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হিরাপুর থানা ময়দানের কমিউনিটি হলে আয়োজিত হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) মিহির কুমার দে, সিআই (হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, টাউন অফিসার এসআই অঞ্জন মণ্ডল, এএসআই মহঃ সামিম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আসানসোল দক্ষিণ (শহর) সভাপতি পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপু, আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, বার্নপুরের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বৈঠকে শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং নজরদারি সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতির কথা তুলে ধরা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।
সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মহা শিবরাত্রি উদযাপনের আহ্বান জানানো হয় বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *