Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:–আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো। বুধবার দুপুর দেড়টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বলে মেলায় স্টলের মালিক তথা বিক্রেতাদের কাছ থেকে জানা গেছে। বিক্রেতাদের অভিযোগ, এতো বড়ো একটি রাজ্য সরকারের উদ্যোগে মেলার আয়োজন করা হলেও, কোন দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিলোনা। এছাড়াও আগুন লাগার আধঘন্টারও বেশি সময় পরে দুটি দমকলের ইঞ্জিন মেলা চত্বরে আসে বলে আরো অভিযোগ উঠেছে। যে কারণে আগুন দ্রুত মেলার একাধিক স্টলে ছড়িয়ে পড়ে। মেলা চত্বরে স্ট্যান্ডবাই কোন দমকলের ইঞ্জিন যে ছিলো না, তা মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ওসি ( ইন্ডাস্ট্রি) দীক্ষা শেরপা। এই কথা একইভাবে স্বীকার করে নিয়েছেন দমকল বাহিনীর আসানসোল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেবায়ন পোদ্দার ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।জানা গেছে, এই আগুনে মেলার সাতটির মতো স্টল আগুনে পুড়ে যায়। তার মধ্যে ছয়টি ফুড বা খাবারের স্টল রয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।জানা গেছে, এদিন দুপুর দেড়টা নাগাদ আসানসোল হস্তশিল্প মেলা চত্বরে একটি খাবার বা ফুড স্টলে আগুন লাগে। একে একে সাতটি স্টলে কয়েক মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনের লেলিহান শিখা পরপর থাকা স্টল গুলিকে গ্রাস করে। আর সেই সময়ই দমকা হাওয়া চলার সময় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য সমস্ত স্টল গুলিতে। আগুন লাগার বিষয়টি দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলেও দমকল বিভাগ ঘটনাস্থলে দেরিতে এসে পৌঁছয় বলেই অভিযোগ। অনেকেরই, দাবি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। এর জেরে আগুন আর ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর হন। তবে পরে দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে দমকলকর্মী প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আসানসোলের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কাছেই চলা এই মেলায় কিভাবে এত ভয়াবহ আগুন লাগল ও কেনই বা তা দ্রুত নেভানো গেল না সে সকল নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছে। এই ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মেলা চত্বরে ছুটে আসেন। কেন এই আগুন লাগলো ও কেনই দমকলের ইঞ্জিন ছিলোনা মেলা চত্বরে তা তদন্ত করে দেখা হবে বলে ওসি ( ইন্ডাস্ট্রি) জানিয়েছেন।প্রসঙ্গতঃ, গত ১ মার্চ বিকেলে এক অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা এই হস্তশিল্প মেলার উদ্বোধন করেন। এই মেলা চলার কথা ১২ মার্চ পর্যন্ত। এই মেলার উদ্যোক্তা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation বার্নপুরের সেল আইএসপিতে সিআইএসএফ ও এনডিআরএফের মক ড্রিল বিজেপির জেলা সভাপতির নামে কুৎসা প্রচারের ঘটনা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত – বাপ্পা মুখার্জি