পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :— কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক কর্মীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার মঙ্গলপুর শিল্পতালুকের বাঁশড়া এলাকার একটি নামী কোম্পানির রডের গোডাউনে। ক্রেন থেকে আছড়ে নিচে পড়ে, প্রায় ২ টন লোহার রিংয়ের নিচে চাপা পড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুরুলিয়ার হুড়া থানার কুমড়াবাদ গ্রামের বাসিন্দা মৃত কর্মীর নাম সত্যদেব পতি (৪২)। এই ঘটনার পরে ঐ গোডাউন মালিক উমেশ দোকানিয়ার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অন্য কর্মী ও রাজ্য শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব। এই ঘটনায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার দাবি করে বিক্ষোভ দেখানো হয়। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।কোন রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই, সব কর্মীদেরকে ঐ গোডাউনে কাজ করানো হয় বলে দাবি করেন জয়ন্ত বাউরি সহ অন্য কর্মীরা। তাদের দাবি, কোনরূপ কোন সুযোগ-সুবিধা না দিয়ে, জোরপূর্বক কম বেতনে কাজ করানো হয় বলেই অভিযোগ করেন তারা। খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ আসে।তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রানিগঞ্জের সভাপতি রঞ্জিৎ সিং এই ঘটনায় মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন । তার দাবি, বারংবার এখানে দুর্ঘটনার ঘটনা ঘটলেও কোনরূপ কোন নিরাপত্তার ব্যবস্থা নেয় না গোডাউন কর্তৃপক্ষ। কয়েকবার শুধুমাত্র লোক দেখানো নিয়ম-কানুন দেখিয়ে, সমস্ত কিছু মেনে চলা হচ্ছে বলেই দাবি করে গোডাউন কর্তৃপক্ষ বলে অভিযোগ তার।দূর্ঘটনার পরে জখম অবস্থায় ঐ কর্মীকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে গোডাউনের অন্য কর্মীরা কাজ বন্ধ করে, অবিলম্বে নিরাপত্তার দাবি ও মৃত কর্মীর পোষ্যকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলেন তারা।যদিও, ঘটনার পরে গোডাউনের মালিক উমেশ দোকানিয়া ঘটনাস্থলে ও হাসপাতালে আসেন। তিনি দাবি করেন সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা করে আছে। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে তার কিছুই জানা নেই। তিনি বলেন, মৃত কর্মীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় তার জন্য উদ্যোগ নেওয়া হবে।প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, পুরুলিয়ার বাসিন্দা সত্যদেব পতি ঐ গোডাউনে ক্রেনের উপরে লোহার রিং তৈরির কাজ করছিলেন। সেই সময় কোনভাবে লোহার রডের বান্ডিল সহ তিনি নিচে পড়েন। সেই বান্ডিলের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ঐ কর্মীর। এই ঘটনার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। Post navigation আসানসোল পুরনিগম / অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে শেষ হয়নি আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ / রাস্তা মেরামতে সমস্যা / রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মেয়র