0Shares

পোলো গ্রাউন্ডে কিয়স্ক পরিদর্শন, ১৯৩০ হেল্পলাইন ও সাইবার হেল্প ডেস্ক সম্পর্কে সচেতন করলেন পুলিশ আধিকারিকরা

Public Newz আসানসোল: রথযাত্রা উপলক্ষে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (সাইবার) ও হেডকোয়ার্টার্সের আধিকারিক রাহুল পান্ডে এবং এসিপি (ইবি) ও হেডকোয়ার্টার্স সাইবার এমডি হারুন আসানসোলের পোলো গ্রাউন্ডে স্থাপিত সাইবার সচেতনতা কিয়স্ক পরিদর্শন করেন এবং ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেন।
রাহুল পান্ডে জানান, ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার ঘটনাও দ্রুত বাড়ছে। সেই কারণে রথযাত্রার ভিড়কে সামনে রেখে কমিশনারেটের উদ্যোগে ৯টি গুরুত্বপূর্ণ স্থানে সাইবার সচেতনতা বুথ খোলা হয়েছে। সেখানে অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায়, নিরাপদ ডিজিটাল ব্যবহার এবং প্রতারণার শিকার হলে কীভাবে অভিযোগ জানাতে হবে, সে বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।
তিনি আরও জানান, কেউ সাইবার প্রতারণার শিকার হলে যেন অবিলম্বে জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০-এ ফোন করেন অথবা নিকটবর্তী থানার সাইবার হেল্প ডেস্কে যোগাযোগ করেন। পাশাপাশি তিনি সকলকে ওটিপি, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে ভাগ না করার, অপরিচিত অ্যাপ ডাউনলোড না করার এবং ভুয়ো ঋণ, বিনিয়োগ বা লোভনীয় অফারের ফাঁদে না পড়ার পরামর্শ দেন।
পুলিশের লক্ষ্য, রথযাত্রায় ভগবান জগন্নাথের দর্শনের পাশাপাশি মানুষ যেন সাইবার নিরাপত্তার বার্তাও সঙ্গে নিয়ে যান এবং ডিজিটাল প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *