পাবলিক নিউজঃ ডেস্ক জামুড়িয়া ও আসানসোল, :-সিমেন্ট মিক্সচার মেশিনের মধ্যে পড়ে মৃত্যু হলো এক কর্মীর। রবিবার এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায়। বাঁকুড়ার শালতোড়া থানার কাসকা গ্রামের বাসিন্দা মৃত কর্মীর নাম শিবরাম পরামানিক (৩৫)। এই ঘটনার পরে কারখানায় মৃত কর্মীর পরিবারের সদস্য ও সহকর্মীরা আর্থিক ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবিতে বিক্ষোভ শুরু করেন। যা নিয়ে কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়। তবে দাবি কারখানা কতৃপক্ষ না মানায় এদিন সন্ধ্যে পর্যন্ত মৃতদেহ জেলা হাসপাতালের মর্গেই রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বাসিন্দা শিবরাম পরামানিক জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় ঠিকা কর্মী হিসাবে কাজ করেন। তিনি রবিবার বিকেলে অন্য দিনের মতো কারখানায় সিমেন্ট মিক্সচার মেশিন পরিষ্কার করছিলেন। তখন কোনভাবে সেই মেশিনে তিনি পড়ে যান ও চালু হয়ে যাওয়া মেশিনে জড়িয়ে যান। কিছুক্ষনের মধ্যেই মেশিন বন্ধ করে ঐ কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপর ঘটনার খবর পেয়ে মৃত কর্মীর বাড়ির লোকেরা কারখানায় চলে আসেন। তারা এককালীন আর্থিক ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করেন।
জানা গেছে, কারখানা কতৃপক্ষ পরিবারের দাবি মতো একজনের চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে। কিন্তু তারা দাবি মতো পুরো আর্থিক ক্ষতি পূরণ দিতে চাইছে না। যে কারণে পরিবারের সদস্যরা ময়নাতদন্তের পরেও আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃতদেহটি নেননি।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। কারখানা কতৃপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের দাবি নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *