

পাবলিক নিউজ ডেস্ক:– অনিয়মিত হয়ে পড়েছে পানীয়জলের সরবরাহ, বাড়ছে জল সংকট। তাতে জেরবার স্থানীয় মানুষজনেরা । এর প্রতিবাদে সরকারী আবাসন দফতরের আধিকারিকের অফিসে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার দুপুরের এই ঘটনায় দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউজিং কলোনিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
জানা গেছে, দুর্গাপুরের বিধাননগর সরকারী হাউজিং আবাসনে জল দেয় দুর্গাপুর নগর নিগম। জলের পাইপ লাইন মেরামতি করার জন্য দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়েছিলো যে, ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই এলাকায় জল সরবরাহ হবে না। সোমবার স্থানীয়দের অভিযোগ, ২৪ নভেম্বর হয়ে গেলেও সরকারী আবাসনের বাসিন্দাদের একাংশ এখনো জলেট সংকটে জেরবার। আর এর জন্য দায়ী হাউজিং দফতরের ভালভম্যানদের একাংশ। তারা ঠিক মতো কাজ না করায় এই সমস্যা হচ্ছে। সোমবার এর প্রতিবাদে বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দাদের একাংশ স্থানীয় হাউজিং অফিসে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভে পুরুষদের সঙ্গে ছিলেন এলাকার মহিলারা। তারা দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে কথা বলেন। পরে বাসিন্দারা বলেন, হাউজিং অফিসের আধিকারিক গোটা বিষয়টি শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।








