পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:–আসানসোলের সেনরেল রোডে লোয়ার কুমারপুর মোড় এলাকায় সোমবার সন্ধ্যায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলো। তার আগে ডাম্পারটি ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটারকে। সেই ধাক্কায় কয়েকজন আহত হন।মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে কুমারপুর মোড় এলাকায় ডাম্পার চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারা বিক্ষোভও দেখান। কংগ্রেস নেতা শাহ আলম খান, প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পুরনিগমের কাউন্সিলর এসএম মুস্তাফা সহ অন্যান্য নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।কংগ্রেসের নেতারা বলেন, বারবার বলা হয়েছে যে এই রাস্তা জনবহুল ও ব্যস্ততম। তাই এই রাস্তা ডাম্পার চলাচলের অনুমতি কেবল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত থাকা উচিত। কিন্তু পুলিশ ও প্রশাসনের অবহেলার কারণে তা করা হচ্ছে না। সোমবার সন্ধ্যায় একটি দুর্ঘটনা ঘটেছিল। যার ফলে কিছু লোক আহত হয়েছেন। এই কারণে কংগ্রেস এদিন এই এলাকায় ডাম্পার চলাচল বন্ধ করে দিয়েছে। যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও সমস্যার সম্মুখীন না হন এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন। তারা আরো বলেন, আসানসোল পুরনিগমের মেয়র, পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরকে এই বিষয়ে তৎপর হতে বলা হয়েছিল। কিন্তু কেউ কোনও পদক্ষেপ নেননি। তাদের দাবি, রাত ১০টার আগে এই রাস্তায় ডাম্পার চলাচল নিষিদ্ধ করতে হবে প্রশাসনকে। এরপরেও যদি, তা না করা হয়, তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামবে। Post navigation জেলা পরিষদের বাজেটে ১৮৫ কোটি টাকা বরাদ্দ। জনপ্রিয়তা বেড়েছে হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের / এবার চলবে ১৬টি কোচ নিয়ে