পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোলে সিবিআই আদালতে বৃহস্পতিবার থেকে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এদিন সবমিলিয়ে দু’ঘন্টা মতো শুনানি হয়। এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি বা আইপিসির ৩৭৯, ৪০৯, ৪১১, ৪১৩, ৪১৪, ৪২০, ৪৭১ ও ১২০/বি, ১৯৫৭ সালের মাইনস্ এ্যান্ড মিনারেলস্ আইনের ২১ ও পিসি এ্যাক্ট বা প্রিভেনশন অফ করাপশন আইনের ৮, ১৩(২) নং ধারা প্রয়োগ করেছে। তবে বেশ কিছু ধারা প্রয়োগ করা নিয়ে অভিযুক্তদের আইনজীবী এদিন আদালতে বিরোধিতা করেছেন। তারা তাদের বিরোধিতার স্বপক্ষে সওয়াল করার সময় চান। এদিন সিবিআই আদালতে বিচারকের কাছে ড্রাফট চার্জ গঠনের নথি জমা দিয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি দিন ঠিক হয়েছে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হয় আসানসোল সিবিআই আদালতে। প্রথমেই সিবিআইয়ের আইনজীবি রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান। তিনি আদালতে ড্রাফট চার্জের নথি জমা দেন। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবির কাছে জানতে চান কোন কোন ধারায় কাদেরকে অভিযুক্ত করা হয়েছে। তখন রাকেশ কুমার বলেন, পাবলিক সারভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী ১২ জন, কোম্পানি ১০টি ও ইনডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে ২৭ জনের নামে অর্থ্যাৎ মোট তিনটি ভাগে অভিযুক্তদের ভাগ করে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। তারমধ্যে ব্যক্তিগত ২৭ জনের মধ্যে তিনজনকে আলাদা করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জ গঠন করা হচ্ছে। এরপর, সিবিআইয়ের দেওয়া ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। তাদের দাবি, এমন অনেক ধারা তাদের মক্কেলদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা এই মামলার ক্ষেত্রে কার্যকর হয়না। তারা তাদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য বিচারকের কাছে সময় চান। এরপর সবকিছু শুনে বিচারক রাজেশ চক্রবর্তী আগামী সোমবার ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দেন। সেদিন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখবেন। আশা করা হচ্ছে, সেই শুনানির পরে বহু চর্চিত কয়লা পাচার মামলায় চার্জ গঠনের একটা দিন ঠিক হবে। প্রসঙ্গতঃ, এই কয়লা পাচার মামলায় মোট ৫০ জন অভিযুক্ত রয়েছেন। তার মধ্যে বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই খুঁজে পায়নি। এছাড়াও অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন। অর্থাৎ বাকি ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। এদিন সেই ৪৮ জনের মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন। এদিন একজনের মা মারা যাওয়ায় তিনি অনুপস্থিত ছিলেন বা আদালতে আসেননি। আর একজন অসুস্থ বলে তার আইনজীবী এদিন আদালতে জানান।আদালত সূত্র থেকে জানা গেছে, যে তিনজনের বিরুদ্ধে সিবিআই আলাদা করে চার্জ গঠনের কথা এদিন আদালতে বলেছে, তার মধ্যে অন্যতম হলেন লালা ওরফে অনুপ মাজি। তার বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে। এছাড়াও সেই তালিকায় আছেন রত্নেশ্বর ভার্মা বা রত্নেশ ও বিকাশ মিশ্র। এই দুজনের বিরুদ্ধেও একাধিক ধারা দেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ, লালাকে সিবিআই ডেকে জেরা করলেও, গ্রেফতার করতে পারেনি। তাকে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছিলো। এদিন শুনানি শেষে অভিযুক্তদের তরফে তিন আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, আগামী সোমবার আমরা আমাদের বক্তব্য রাখবো। সিবিআইয়ের তরফে বেশ কিছু ধারা দেওয়া হয়েছে। তা নিয়ে আমাদের আপত্তি আছে। আমরা সেটাই বলবো ও যুক্তি দেবো। তারা আরো বলেন, সেদিন অভিযুক্তদের আদালতে না এলেও চলবে। তাদের আইনজীবীরা এজলাসে হাজির থাকলেই হবে বলে বিচারক জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর এই মামলার শেষ শুনানি হয়েছিলো।এই মামলার প্রথম চার্জ গঠনের দিন ছিলো গত ৯ আগষ্ট। কিন্তু সবাই হাজির না থাকায় সেদিন তা হয়নি। সবমিলিয়ে এখনো পর্যন্ত তিনবার এই মামলার চার্জ গঠনের দিন পিছিয়েছে। প্রসঙ্গতঃ, এই মামলায় ২৭ হাজার কপির নথি আছে। যা ইতিমধ্যেই অভিযুক্তদের আইনজীবীদের দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আরো ডকুমেন্টস বা তথ্য। রয়েছেন একাধিক সাক্ষীও। Post navigation আসানসোল কোলফিল্ডস ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগ / ” বিশ্ব ডায়াবেটিস দিবস ” উপলক্ষে শহরে সচেতনতামুলক পদযাত্রা আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন আসানসোল:–